যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে একটি ফিলিং স্টেশনসহ তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (০৮ মার্চ) বিকেল ৩টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ সলুয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ তেল উদ্ধার করে। পরে জেলা প্রশাসনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারে অবৈধভাবে তেল মজুত করার দায়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার গুদাম থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ আইনে রুহুল আমিন নামে অপর এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিকেল ৪টার দিকে চৌগাছা শহরের 'চৌগাছা ফিলিং স্টেশন'-এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনের তেলের মান নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এবং বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, জব্দ করা তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে সংরক্ষণ করা হয়েছে। এই তেল ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানে মেট্রোলজির পরিদর্শক সাব্বির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.