Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে সাত মাস আগে একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় জীবিকার তাগিদে কাইয়ুম প্রবাসে চলে যান।

নিহতের স্বজনদের অভিযোগ, স্বামী প্রবাসে থাকার সুযোগে শ্বশুর গৃহবধূর প্রতি কুপ্রস্তাব দেন এবং তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। তারা দাবি করেন, ওই প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সকালে সাথী আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ইতোমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী সাথীর শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই দোতলা ভবনসহ ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা তার শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।