শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও স্থানীয় বাজারগুলোতে হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় পরিবহন, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করে জ্বালানি তেলের সরবরাহ কমে যায়। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলায় কোনো বড় পেট্রোল পাম্প না থাকায় লাইসেন্সবিহীন কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তারা পরিকল্পিতভাবে খুচরা দোকান বন্ধ রেখে সরবরাহে বাধা দিচ্ছে। এর সুযোগে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে পারছেন না।
এদিকে উপজেলার মিনি ফুয়েল স্টেশন মেসার্স আনজুম ট্রেডার্স বন্ধ থাকায় প্রতিদিন শত শত বাইকার ও যানবাহন চালক দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
ভুক্তভোগীরা দ্রুত বাজার তদারকি করে কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ বলেন, “জ্বালানি তেলের সংকটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.