ফেনী প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সিয়াম সাধনার মাধ্যমে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। রোজা মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
রোববার বিকেলে ফেনীর সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুসলমানরা মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করেন। রোজার মাধ্যমে মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। দেশকে এগিয়ে নিতে হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ করতে হবে। তাহলেই বাংলাদেশ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরু উদ্দিন মানিক, জেলা জামায়াতের সেক্রেটারি আনম আবদুর রহিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, তারেক জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সদস্য সচিব নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা, পৌর আমির মাওলানা কালিম উল্যাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত বিএনপি নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জমিয়তে ইসলাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. ইলিয়াস।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.