সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেছেন, কাজিপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে যা কিছু করা প্রয়োজন তা করা হবে। এ বিষয়ে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, এ লক্ষ্যে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কাজিপুর থানা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়ে এমপি সেলিম রেজা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, চুরি-ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এতে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান, সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা এবং কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
সভা শেষে প্রধান অতিথি উপজেলার ১০টি কলেজে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.