Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদীর প্রবাসী বাচ্চু মিয়া নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সৌদি আরবের আল খারিজ এলাকায় মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়া (৩৫) নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) দেশটির আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার ছোট ভাই মোফাস্সেলও সৌদি আরবে প্রবাসী রয়েছেন। আট বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় তিনি সৌদি আরবে পাড়ি জমান। তার দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে, যার মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির শ্রমিক ক্যাম্পে কর্মরত ছিলেন বাচ্চু মিয়া। রোববার ইফতারের প্রস্তুতির সময় হঠাৎ মিসাইল বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার জানান, বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন এবং দেশে থাকাকালেও দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন নিহতের বাড়ি পরিদর্শন করে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের সঙ্গে কথা বলে সরকারি সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন নিহতের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রবাসে থাকলেও বাচ্চু মিয়া এখনো নিজ বাড়িতে একটি ঘর নির্মাণ করতে পারেননি। তিন সন্তানসহ তার পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী দ্রুত সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।

এদিকে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান এবং নগদ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করেন। তিনি বলেন, “পরিবারটির আর্থসামাজিক অবস্থা খুবই নাজুক। আমরা সার্বিক তথ্য সংগ্রহ করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। সরকারিভাবে যে ধরনের সহযোগিতা আসবে, তা যেন এই পরিবারটি পায় তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।