এন এম নুরুল ইসলাম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের হলরুমে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি প্রযুক্তির উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (৯ মার্চ ২০২৬) বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার ১৬ জন, রাণীশংকৈল উপজেলার ৪ জন এবং হরিপুর উপজেলার ৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের এগ্রিকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের টিম লিডার ড. এ কে এম সালাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ঠাকুরগাঁওয়ের ডিটিও মোছা. শামীমা নাজনীন, ব্রি-স্যাটেলাইট স্টেশন পঞ্চগড়ের সায়েন্টিফিক অফিসার রিফা তানজিম, বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, হারভেস্ট প্লাসের এমঅ্যান্ডই অফিসার শেখ শরিফুল ইসলাম এবং আরডিআরএস বাংলাদেশের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সহনশীল জাতের ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কার্যকর যোগাযোগের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে মাঠপর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকদের উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন।

