আমিনুল ইসলাম (রাজশাহীদুর্গাপুর )প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শিবমন্দিরের উত্তর পাশের একটি পুকুর থেকে মকবুল হোসেন (৬৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুঠিয়া থানা ওসি ফরিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পুঠিয়া থানাধীন পুঠিয়া শিবমন্দিরের উত্তর পাশে পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত মকবুল হোসেন পুঠিয়া উপজেলার বারইপাড়া কলোনীপাড়া এলাকার মৃত মনতাজ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ও হাজাম (খৎনা দিতেন) ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুল হোসেন গত তিন দিন ধরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পেশাগত কারণে তিনি বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন বলে পরিবারের পক্ষ থেকেও শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব পায়নি।
পুকুরের পাহারাদার মোস্তফা মণ্ডল জানান, শনিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে টর্চলাইটের আলো ফেলে তিনি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের মেজ ছেলে হাসিবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। এ সময় পুঠিয়া থানার এসআই মো. আব্দুল মাজেদ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীর ফুলে পচন ধরেছে। ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.