চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় হঠাৎ করেই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় পেট্রোল পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকেরা।
সরেজমিনে সোমবার (০৯ মার্চ ২৬) সকালে উপজেলার ২ টি তেল পাম্পে গিয়ে দেখা গেছে, তেল না পেয়ে ফিরে যাচ্ছে চালকরা। পাম্পের সামনে “তেল নেই, বিক্রি বন্ধ” লেখা নোটিশ টানিয়ে রাখা হয়েছে। অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে তেলের সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে ধীরে ধীরে মজুত শেষ হয়ে যায়। সোমবার সকালে ২ টি তেল পাম্পে পুরোপুরি তেলশূন্য হয়ে পড়ে।
স্থানীয় মোটরসাইকেল চালকদের সাথে কথা হলে তারা বলেন, সকালে কাজে বের হওয়ার আগে তেল নিতে পাম্পে যাই। কিন্তু দুইটি পাম্প ঘুরেও কোথাও তেল পাওয়া যায়নি। এতে তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।
পাম্প মালিকদের মতে, সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে নিয়মিত তেল না আসার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারা দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সাথে কথা হলে তিনি বলেন, তেল সংকটের বিষয়টি আমাদের নজরে এসেছে। নিয়মিত মনিটরিং চলছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, যদি দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে চারঘাটে যানবাহন চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

