বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে চাঞ্চল্যকর স্ত্রী হত্যার পর ঘরে আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী হোসাইন মো. তাইফুর রহমানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জামালপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক সাইফুল রহমান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু জানান, মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)সহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য নন এবং তিনি কোনো আদালতে নিয়মিত আইন পেশায় যুক্ত আছেন—এমন তথ্যও তাদের কাছে নেই। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জামালপুর জেলা আইনজীবী সমিতি সার্বিক সহযোগিতা করবে।
উল্লেখ্য, গত ৬ মার্চ দিবাগত রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর রহমান তার স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসার ভেতর থেকে তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার করে।
এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত তাইফুর রহমানকে মারধর করে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.