শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে চরম খাদ্য সংকটে পড়েছে রাস্তা-ঘাটে থাকা কুকুর। খাদ্যের অভাবে তারা পোষা প্রাণীর ওপর আক্রমণ চালাচ্ছে। কুকুরের খাদ্যের যোগান না থাকায় দিন দিন প্রাণীগুলো হিংস্র হয়ে উঠছে। এতে প্রভুভক্ত এ প্রাণীটি এখন মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুকুরের এ খাদ্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পোষা কুকুরের পাশাপাশি এলাকার বিভিন্ন গ্রামের হাট-বাজার ও রাস্তা-ঘাটে প্রচুর বেওয়ারিশ কুকুর রয়েছে। তাদের খাদ্যের কোনো ব্যবস্থা নেই। ফলে ক্ষুধার জ্বালায় তারা প্রতিনিয়ত মানুষের হাঁস, মুরগি ও গরু-বাছুরের ওপর আক্রমণ চালাচ্ছে। এতে পোষা প্রাণী হুমকির মুখে পড়েছে। কুকুরের খাদ্য সংকট দূর করা হলে প্রাণীদের ওপর আক্রমণ কমে যাবে বলে জানান অনেকে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকার প্রাণী ও পাখিপ্রেমী বাবলু মণ্ডল জানান, এক সময় গ্রামে কুকুরের খাবারের তেমন অভাব ছিল না। মানুষের উচ্ছিষ্ট খাবার কুকুরকে খেতে দেওয়া হতো, কিন্তু এখন সেগুলো এলাকার মৎস্য ঘেরে মাছকে খাওয়ানো হয়। এছাড়া বাড়িতে পালিত হাঁস-মুরগিকেও দেওয়া হয়। পাশাপাশি আশপাশের ভাগাড়ে যেসব নষ্ট খাবার ও বিভিন্ন প্রাণীর মৃতদেহ ফেলা হতো, সেগুলো পরিবেশগত কারণে এখন গর্তে পুঁতে রাখা হয়। ফলে কুকুরের খাদ্য সংকট বেড়ে গেছে। কুকুর যেহেতু একটি প্রাণী, তাদের বেঁচে থাকার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। সবাই যদি এই অসহায় প্রাণীদের কষ্ট বোঝেন এবং বাসি ভাত বা নষ্ট খাবার ফেলে না দিয়ে কুকুরকে খেতে দেন, তাহলে তারা বেঁচে থাকতে পারবে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহমেদ ইকবাল জানান, কুকুরের খাদ্য সংকটের বিষয়টি জাতীয়ভাবে উদ্যোগ নিয়ে সমাধান করা প্রয়োজন। তা না হলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। দিন দিন কুকুরের সংখ্যা বাড়ছে, কিন্তু তাদের খাদ্যের কোনো যোগান নেই। আগে যত্রতত্র খাবার পেত কুকুর, কিন্তু এখন আর তেমন বাইরে খাবার মেলে না। ফলে মানুষের হাঁস, মুরগি ও ছাগলের ওপর কুকুরের আক্রমণ বেড়ে গেছে। প্রতিদিনই ক্ষুধার্ত কুকুরের কামড়ে আহত গরু-বাছুর ও ছাগল চিকিৎসার জন্য ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। বিষয়টি বন বিভাগসহ সংশ্লিষ্ট সকলের ভেবে দেখা জরুরি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.