যশোর প্রতিনিধি
যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন, দড়াটানার নিউ ভৈরব হোটেল এবং এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিস, কৃষি বিপণন অধিদপ্তর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের শুরুতে নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেনে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার মজুত পাওয়া যায়। এছাড়া নিষিদ্ধ এনার্জি ড্রিংক এবং আমদানিকারকের ট্যাগবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল রানার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে টাস্কফোর্স শহরের দড়াটানার নিউ ভৈরব হোটেলে অভিযান চালায়। সেখানে দই বিক্রি করা হলেও ওজনে কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে হোটেলের ম্যানেজার মনিরুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ গিয়ে দেখা যায়, বিদেশি থ্রি-পিস বিক্রি করা হলেও কোনো ক্রয় ভাউচার নেই এবং ক্রেতাদের সঠিক রশিদ দেওয়া হচ্ছিল না। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বজলুর রহমানের কাছ থেকে আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

