মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন কালু, স্থানীয় নেতা খাইরুল ইসলাম ও রাসেল আহমেদ রয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আলফাজ উদ্দিন কালুর অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকরা কড়ইগাছি মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। অন্যদিকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের সমর্থকরাও পরিষদ চত্বরে অবস্থান নেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে সংঘর্ষ বেধে যায়।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে দিয়ে ওয়ার্ড সদস্য সারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি ওই দায়িত্ব পালন করছেন।
তবে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও তার সমর্থকদের অভিযোগ, সারগিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং গরিবদের জন্য বরাদ্দ বিভিন্ন সুযোগ-সুবিধা নিজের সমর্থকদের মধ্যে বণ্টন করছেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে তারা সেখানে অবস্থান নেন।
অন্যদিকে সারগিদুল ইসলাম জানান, প্রশাসনের নির্দেশে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন চাল লুটের উদ্দেশ্যে এলাকায় গুজব ছড়াচ্ছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাশ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.