হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় একশ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল (বুধবার) থেকে পুনরায় চালু হতে যাচ্ছে। হাটটি পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, “প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির কারণে এটি দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যবসায়ীদের স্বার্থ এবং এলাকার ঐতিহ্য রক্ষার জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে হাট পুনরায় চালু করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে হাট কার্যক্রম শুরু হবে।”
হাট সূত্রে জানা গেছে, গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা খাজনা নেওয়া হবে। এছাড়া ছাগলের ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের থাকার ব্যবস্থা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধাও রাখা হবে। নাভারণ পশুহাট পুনরায় চালু হলে এলাকার পুরোনো ঐতিহ্য ফিরবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যও নতুন গতি পাবে।
উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

