মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের ভবদহ এলাকার নদীর খনন কাজের বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নদী ও খনন কার্যক্রমের অবস্থান পর্যবেক্ষণ করেন কমিটির প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি সকাল দশটার দিকে ভবদহের ২১ ভেন্ট থেকে যাত্রা শুরু করে। এরপর শ্রী, হরি ও ভদ্রা নদীর বিভিন্ন স্থানে খনন কাজের পরিদর্শন করা হয়। জানা যায়, বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদীর ৮০ কিলোমিটার পলি অপসারণের কাজ চলছে, যার বাজেট ১৪০ কোটি টাকা।
পরিদর্শনকালে কমিটির সদস্যরা উল্লেখ করেন, খনন কাজের পূর্ণাঙ্গ তথ্যসহ কোনো সাইনবোর্ড স্থাপন করা হয়নি। ফলে নদীর গভীরতা ও প্রস্থ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করতে আরও স্কেভেটর লাগানোর প্রয়োজনীয়তা থাকলেও তা পর্যাপ্ত নয়। তারা জানান, মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরির মূল স্রোতধারার পলি আগে অপসারণ করা উচিত।
কমিটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দ্রুত নদীতে টিআরএম প্রকল্প চালু করতে না হলে কয়েক বছরের মধ্যে নদী পুনরায় পলিতে ভরাট হয়ে যাবে এবং এতটাকা ব্যয়ের পুরো পরিকল্পনা ব্যর্থ হবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মাসুদ আলম, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, অনিল বিশ্বাস, শেখর বিশ্বাস, মাসুদ হাসান, সাধন বিশ্বাস, রাজু আহমেদ, আজিজ সরদার, ইউপি সদস্য মোঃ রউফ, পার্থ প্রতিম বিশ্বাস ও সুখেন্দু বিশ্বাস প্রমুখ।

