রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ২০ লাখ টাকা বাজারমূল্যের ৩০ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নম্বর দাগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বহরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিমের মালিকানাধীন কয়েকটি অবৈধ স্থাপনা এক্সাভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ২৭ নম্বর দাগের ২০ শতক এবং ২৮ নম্বর দাগের ১০ শতকসহ মোট ৩০ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়।
প্রশাসন জানায়, জমিটি দখলমুক্ত করার জন্য গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তকে সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছিল। পাশাপাশি একাধিকবার মৌখিকভাবেও জমি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দখলমুক্ত না করায় বৃহস্পতিবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। তিনি জানান, সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইন অনুযায়ী নোটিশ দেওয়ার পরও জমি দখলমুক্ত না করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
অভিযান চলাকালে নিরাপত্তা ও কারিগরি সহযোগিতায় বালিয়াকান্দি থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এছাড়া বহরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হক অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, এর মাধ্যমে উপজেলার অন্যান্য এলাকায় দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধারে প্রশাসনের অভিযান আরও জোরদার হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.