যশোর প্রতিনিধি
দেরিতে হলেও শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বইপ্রেমী, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী। নতুন ও পুরনো লেখকেরা এই মেলাকে ঘিরেই তাদের নতুন গ্রন্থ প্রকাশ করে থাকেন। লেখক, পাঠক ও প্রকাশকদের সরাসরি ভাব বিনিময়ের অন্যতম বড় মাধ্যম এই বইমেলা। সারাবছর ধরেই পাঠকরা অপেক্ষা করেন প্রিয় লেখকের নতুন বই হাতে পাওয়ার আশায়।
প্রতিবারের মতো এবারও বইমেলায় প্রকাশিত হয়েছে হাজার হাজার নতুন বই। এর মধ্যে কবিতা, উপন্যাস, গল্প ও প্রবন্ধের বইয়ের সংখ্যাই বেশি।
গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা।
এবারের মেলায় পাঠকদের জন্য সুখবর হলো—যশোরের বেশ কয়েকজন সনামধন্য লেখকের বইও স্থান পেয়েছে। যশোরের ১০ জন লেখকের মোট ১৫টি বই এবার মেলায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে কয়েকজন লেখকের নতুন বই প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে, আবার অনেকের বই আগেও বইমেলায় এসেছে।
যশোরের সন্তান, বিশিষ্ট সাংবাদিক ও ঔপন্যাসিক রাহিতুল ইসলাম আইটি সেক্টরের একজন পরিচিত সাংবাদিক। দেশের একটি শীর্ষ গণমাধ্যমে কর্মরত এই লেখক প্রযুক্তি জগতের জটিল বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করে পাঠকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার লেখা বেশ কয়েকটি বই ইতোমধ্যে টেলিফিল্ম হিসেবেও নির্মিত হয়েছে। দেশের শীর্ষ প্রকাশনা সংস্থা প্রথমা থেকে তার একাধিক বই প্রকাশিত হয়েছে। এবারের বইমেলাতেও তার চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রথমা থেকে প্রকাশিত হয়েছে ‘বাদলের কারাবাস’ ও ‘সুখবর বাংলাদেশ’, আর ভারতের প্রকাশনা সংস্থা প্রতিভাষা থেকে প্রকাশিত হয়েছে ‘দুই ভুবনের মানুষ’ ও ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’।
ঔপন্যাসিক রাহিতুল ইসলাম জানান, এবারের বইমেলায় প্রকাশিত তার চারটি বইয়ের মধ্যে দুটি বই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ‘সুখবর বাংলাদেশ’ বইটির বর্তমানে ১১তম মুদ্রণ চলছে। এছাড়া ‘বাদলের কারাবাস’ উপন্যাসটিও পাঠকদের আগ্রহ কাড়ছে। অন্য দুটি বই নিয়েও পাঠকদের ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
এবারের মেলায় কবি মাশুক শাহীর কাব্যগ্রন্থ ‘খামবন্দী বায়োডাটা’ প্রকাশ করেছে বাঙ্গালা গবেষণা প্রকাশনা। বইটি ইতোমধ্যে পাঠকদের নজর কাড়ছে।
যশোরের বিশিষ্ট কবি ও মাইকেল গবেষক খসরু পারভেজের ১৮টি কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তার স্বনির্বাচিত কাব্যগ্রন্থ, যা প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ।
যশোরের লেখক মোফরাদ হোসেনের প্রথম গ্রন্থ ‘গোকুল দাদুর গল্পের হাট’ প্রকাশ করেছে শিশু-কিশোরবিষয়ক প্রকাশনা সংস্থা দোলন। বইটির প্রচ্ছদ এঁকেছেন আল নোমান।
তরুণ লেখক নাফিস সাদিক শাতিলের নতুন বই ‘ফেইথ মোবাইল’ প্রকাশ করেছে অনুভব প্রকাশনী। কিশোর পাঠকদের জন্য লেখা এই ভ্রমণ উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন যশোরের শিল্পী চারু পিন্টু। এর আগে লেখকের একাধিক ইংরেজি বই প্রকাশিত হলেও এটি তার প্রথম বাংলা গ্রন্থ।
অনস্বর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দুই লেখকের চারটি বই। এর মধ্যে কবি শাহরিয়ার সোহেলের আলোচনামূলক গ্রন্থ ‘ড. শাহনাজ পারভীনের লেখার বহুমাত্রিকতা’ এবং কবি মনোয়ার হোসেনের তিনটি কাব্যগ্রন্থ—‘দূর আকাশের নীলিমায়’, ‘হৃদয় ছুঁয়ে মাধবীলতা’ ও ‘নারী কবি ও কবিতা’।
শাহরিয়ার সোহেল জানান, তার আলোচনামূলক গ্রন্থে ড. শাহনাজ পারভীনের কাব্য, গল্প, প্রবন্ধ, গবেষণা ও ছড়াসহ মোট ৩০টি গ্রন্থ নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি পাঠ করলে বিশ্বসাহিত্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে তিনি মনে করেন।
এ বছর প্রথমবারের মতো কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন যশোরের কবি উর্মি রহমান। তার কাব্যগ্রন্থের নাম ‘যাবো ধূসর ডানায়’। এছাড়া যশোরের প্রখ্যাত আইনজীবী আসফদ্দৌলার আত্মজীবনী ‘এ পরবাসে’ প্রকাশ করেছে আজকের বই পাবলিকেশন।
এম নুরুন নবীর বই ‘মূল এ-র মূল’ প্রকাশ করেছে মাটি আর মানুষ প্রকাশনী, যা এবারের একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় নির্বাচন এবং মাহে রমজানের সময় বইমেলা আয়োজনের কারণে অনেক লেখক ও কবি এবার নতুন বই প্রকাশে আগ্রহী হননি বলে জানা গেছে।
লেখকরা বলছেন, সাধারণত বইমেলাকে কেন্দ্র করেই তারা অধিকাংশ বই প্রকাশ করেন। প্রকাশকরাও নতুন বই ছাপিয়ে বিক্রি করেন। তবে এবারের মেলার সময়সূচি অনুকূলে না থাকায় অনেকেই বই প্রকাশে আগ্রহ হারিয়েছেন। তবে আগামী বছর বইমেলায় যশোরের আরও অনেক লেখকের নতুন বই প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.