বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল সিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, গত ৯ মার্চ নিয়ামতি ইউনিয়ন পরিষদে মব সৃষ্টি করে চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল সিকদারের নেতৃত্বে ৩৫-৪০ জনের একটি দল পরিকল্পিতভাবে চেয়ারম্যান ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে চেয়ারম্যান আহত হন। এ সময় হামলাকারীরা ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবির বাদী হয়ে শুক্রবার (১৩ মার্চ) রাতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৬। মামলায় বিএনপি নেতা সোহেল সিকদারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা জানান, নিয়ামতি ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

