শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে মানবপাচারের অভিযোগ সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। তারা অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টার দিকে আংগারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন বেপারী সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে কুদ্দুস জমাদারের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ তুলেছেন। অথচ কুদ্দুস জমাদার দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন এবং হারুন বেপারীর ছেলে সাইফুল ইসলামকে বিদেশে নেওয়ার বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের আলোচনা বা আর্থিক লেনদেন হয়নি বলে দাবি করেন তারা।
তারা আরও বলেন, হারুন বেপারী দাবি করেছেন তার ছেলে সাইফুল ইসলাম নিখোঁজ। কিন্তু বাস্তবে গত বছর একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মোড়লের মেয়ের সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়েছে। তাদের প্রশ্ন, যদি সাইফুল নিখোঁজ থাকেন, তাহলে কীভাবে তার বিয়ে সম্পন্ন হলো।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, “আমরা নিরীহ মানুষ। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি। আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।”
তারা প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী দুই–এক দিনের মধ্যে হারুন বেপারী প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.