Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা ও ভালোবাসায় ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

নাজিম বকাউল, ফরিদপুর
মার্চ ১৪, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী ও পল্লীকবি জসীমউদ্দীন-এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার মাধ্যমে দিনটি স্মরণ করা হয়।

অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা-এর সভাপতিত্বে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন ও জসিম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রথিতযশা সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি।

বক্তারা বলেন, জসীমউদ্দীনের সাহিত্যকর্ম কেবল আমাদের ঐতিহ্যের অংশ নয়, বরং নতুন প্রজন্মের জন্য এক অনন্য জীবনদর্শন। গ্রামীণ জীবন, মাটি ও মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং মানবিক মূল্যবোধ থেকে শিক্ষা নেওয়ার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জানানো হয়, পল্লীকবির জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে শিগগিরই ‘মৃত্যুঞ্জয় কবি’ নামে একটি বিশেষ গ্রন্থ প্রকাশিত হবে। এই গ্রন্থের মাধ্যমে কবির জীবন ও সাহিত্যকর্মের নানা অজানা দিক পাঠকদের সামনে তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।