যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে রকি খান (২১) নামে এক মাদক সরবরাহকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রকি খান উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি গ্রামের মোশারেফ খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শুভরাড়া ইউনিয়নের রানাগাতি গ্রামে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা সেবন ও বহন করা অবস্থায় রকি খানকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে তাৎক্ষণিক কারাদণ্ড প্রদান করা হয়।
জিজ্ঞাসাবাদে দণ্ডপ্রাপ্ত রকি খান এক চাঞ্চল্যকর তথ্য জানান। তিনি নিজে একজন মাদকসেবী। সম্প্রতি একই গ্রামের মাদক কারবারি বখতিয়ারের সঙ্গে তার একটি বিশেষ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, রকি যদি নির্ধারিত স্থানে ৬টি ইয়াবা ট্যাবলেট পৌঁছে দিতে পারেন, তবে পারিশ্রমিক হিসেবে ১টি ইয়াবা ট্যাবলেট ‘ফ্রি’ (বিনামূল্যে) পাবেন। এই লোভেই তিনি মাদক সরবরাহের কাজ শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৬ ধারায় ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সহযোগী মাদক কারবারি বখতিয়ারকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।”

