বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে আটক সাতজন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে হস্তান্তর করেন। পরে বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাউন্সেলর ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ট্রাভেল পারমিট ইস্যু করেছিলেন। এছাড়া এফআরআরও কলকাতার ২ মার্চ ২০২৬ তারিখের ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ অনুযায়ী তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় পুলিশে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার পুলিশ আইনি প্রক্রিয়ার পর ছয়জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং একজনকে মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, এই ব্যক্তিরা দালাল ও অনলাইন প্রতারকদের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে কলকাতায় তাদের আটক করা হয় এবং দমদম জেলে রাখার পর দুই দেশের মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে শেল্টার হোমে রাখা হয়।
ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন:
জেসমিন আক্তার (বরিশাল, হিজলা)
আরমান হোসাইন (পটুয়াখালী, বাউফল)
রুপা ইসলাম/নেহা (পঞ্চগড়, বোদা)
জিতেন্দ্র বড়াই/যতির্ময় বড়াই (গোপালগঞ্জ, কোটালিপাড়া)
আব্দুল্লা আলী (যশোর, ঝিকরগাছা)
রাজু হালদার/সৌরভ হালদার (বরিশাল, কোতোয়ালি)
আবু তাহের (পটুয়াখালী, সদর)
বর্তমানে তারা পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

