মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বিটুমিন কম দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, সড়কের উপরিভাগে যথাযথভাবে বিটুমিন ব্যবহার না হওয়ায় সামান্য চাপ দিয়েও পাথর উঠে যাচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।
জানা গেছে, লক্ষীপুর মোড় থেকে জোকা প্রিন্স মার্কেট পর্যন্ত প্রায় ২১৯০ মিটার সড়কের সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, এই কাজের দায়িত্ব মাগুরার ঠিকাদারি প্রতিষ্ঠান রাজু ইন্টারপ্রাইজ পেয়েছে এবং এর জন্য মোট ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কাজের মান বজায় রাখা হচ্ছে না। “নামমাত্র বিটুমিন ব্যবহার করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে, ফলে পাথর ঠিকমতো আটকাচ্ছে না,”—বলেছেন তারা। এ সড়কটি প্রতিদিন শত শত মানুষ ও যানবাহনের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়ক পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
ঠিকাদার মো: হাবিবুর রহমান হাবিব বলেন, “কাজ এখনো চলমান। অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে কিছু জায়গায় পাথর উঠে যেতে পারে। তবে নিয়ম অনুযায়ী যতটুকু বিটুমিন দেওয়ার কথা আছে, ততটুকুই দেওয়া হচ্ছে।”
উপজেলা সহকারী প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন জানিয়েছেন, “সড়ক সংস্কারের কাজ নির্ধারিত নিয়ম মেনে করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ সঠিক নয়।”
উপজেলা প্রকৌশলী মো: গোলজার হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কোথাও কাজের মানে ত্রুটি পাওয়া যায়, ঠিকাদারকে তা সংশোধনের নির্দেশ দেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান জানিয়েছেন, “যদি সড়ক সংস্কারের কাজ নিম্নমানের হয়, তাহলে ওই ঠিকাদার প্রতিষ্ঠানের বিল আটকে দেওয়া হবে।”
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.