বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে কারখানা নদীতে ওজু করতে গিয়ে নিখোঁজ হওয়া সাজু মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১২ টার দিকে কারখানা নদীর সড়সী খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। এই তথ্য নিশ্চিত করেছেন সড়সী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি মাজাহারুল ইসলাম।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ মার্চ) এশার নামাজ আদায়ের জন্য ওজু করতে গিয়ে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। ঘটনাস্থলে তার টুপি ও স্যান্ডেল (জুতা) পাওয়া যায়।
নিহত সাজু মোল্লা উপজেলার দুধল ইউনিয়নের পূর্ব সড়সী গ্রামের মরহুম আজাহার মোল্লার ছেলে। স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, সাজু মোল্লা প্রতিদিন সড়সী খেয়া ঘাট সংলগ্ন মসজিদে নামাজ আদায় করতেন এবং নামাজ পড়ার জন্য প্রায়ই নদীর পানি দিয়ে ওজু করতেন।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার তিনি তারাবির নামাজের জন্য বাসা থেকে বের হন এবং এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত সাড়ে দশটার দিকে নদীর ঘাটে তার টুপি ও জুতা পাওয়া গেলে সবাই নিশ্চিত হন যে তিনি নদীতে পড়েছেন। এরপর স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করেন, কিন্তু কোন ফল পাওয়া যায়নি এবং পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করা হয়।
বরিশাল সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন জানান, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সাজু মোল্লার ছেলে জাকির মোল্লা বলেন, তার পিতা এর আগেও দুইবার মসজিদে নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে স্ট্রোক করে রাস্তায় পড়ে গিয়েছিলেন। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেছিলেন।

