আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শনিবার, ১৪ মার্চ ২০২৬ – রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে জ্বালানি তেলের সংকটের কারণে খুচরা পর্যায়ে তেলের দাম বেড়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বিকেলে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বাজারের বিভিন্ন তেল বিক্রেতাদের মূল্যতালিকা পরীক্ষা করা হয় এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে শাস্তি দেওয়া হয়।
অভিযোগের প্রেক্ষিতে, পেট্রোলের দাম বেশি রাখার জন্য ব্যবসায়ী আদিল হোসেনকে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে তিনি সতর্ক করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের, যেন তেল বিক্রির ক্ষেত্রে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হয় এবং বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।
পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের অস্বাভাবিকতা বা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

