টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ শেখ (২০) মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে শনিবার গভীর রাতে আব্দুল্লাহ শেখ মারা যান।
নিহত আব্দুল্লাহ শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার বন্ধু সাজিদুল মোল্লা (১৯) নিহত হয়। তিনি একই গ্রামের হায়দার মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে সিঙ্গিপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজিদুল মোল্লা নিহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা অপর দুই বন্ধু বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আহত বাঁধন মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.