পটুয়াখালী প্রতিনিধি
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তদের তালিকায় পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। তার এ নিয়োগের খবরে জেলায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করা, উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি জোরদার করা এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকাণ্ডে গতি ফেরাতেই এ নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসকদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলা পরিষদগুলোর কার্যক্রমে নতুন গতি আসবে।
পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীরা বলেছেন, স্নেহাংশু সরকার কুট্টি দীর্ঘদিন ধরে জেলার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূলের মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কাজে অগ্রাধিকার দেবেন বলেও তাদের প্রত্যাশা।
জেলা বিএনপির এক নেতা বলেন, “স্নেহাংশু সরকার কুট্টি একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতা। জেলার মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন। তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি আসবে বলে আমরা বিশ্বাস করি।
আরেক নেতা বলেন, “দীর্ঘদিন ধরে পটুয়াখালী জেলা পরিষদের অনেক কাজ প্রত্যাশিত গতিতে এগোয়নি। কুট্টি ভাই দায়িত্ব পাওয়ায় আমরা আশাবাদী, তিনি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে কার্যকর ভূমিকা রাখবেন।”
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের দাবি, স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে পটুয়াখালী জেলা পরিষদ আরও জনমুখী, গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ নেবে। তারা আশা করছেন, দল-মত নির্বিশেষে জেলার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি কাজ করবেন।
উল্লেখ্য, একই দিনে দেশের ৪২টি জেলায় একযোগে নতুন প্রশাসকদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। সরকারের এ পদক্ষেপকে স্থানীয় সরকার কাঠামোকে আরও সক্রিয় ও শক্তিশালী করার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

