ফরিদপুর প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১০। রোববার (১৫ মার্চ) রাতে রাজবাড়ী সদরের মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর থানার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেথুলিয়া এলাকায় সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
হামলার সময় দেশীয় অস্ত্রের আঘাতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (মামলা নং-২৩) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-১০-এর সহযোগিতা চান।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে মাটিপাড়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিককে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.