আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
গোফর ইমপ্যাক্ট কর্মসূচির সাতক্ষীরা জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আশাশুনি নাগরিক সমাজের সভাপতি জি.এম. মুজিবুর রহমান, শিক্ষক পারভিন সুলতানা লিপি, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ইনস্ট্রাক্টর বেল্লাল হোসেন, সাংবাদিক সমীর রায়সহ অনেকে।
সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। বিভিন্ন স্তরের নারীদের অংশগ্রহণে তাদের নানা সমস্যা, সমস্যা সমাধানে করণীয় এবং সরকারের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

