জামালপুর প্রতিনিধি
জামালপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ৩৯টি দেশের তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি। সোমবার (১৬ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “মানুষের কষ্ট, কৃষকদের কষ্ট ও মধ্যবিত্তের কষ্ট কমাতে আমরা বিদ্যুৎ ও তেলের দাম বাড়াচ্ছি না। সরকার চায়, দেশ শান্তি ও স্বস্তিতে চলুক।’’ তিনি আরও জানান, যুদ্ধের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা যেতে পারেনি, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি ও বিদেশ ফেরত নিয়ে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতিমধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি স্থানে ফ্লাইট চালু হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “দুঃখের বিষয়, চলমান যুদ্ধে মিসাইল হামলায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের লাশ দেশে এনে পরিবারের কাছে সুষ্ঠুভাবে হস্তান্তর করা হয়েছে। যারা বিমানে যেতে পারেননি, তাদের টিকিটের টাকা এক পয়সাও কেটে নেওয়া হয়নি।’’
উল্লেখ্য, ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশের নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় গাইবান্ধা ইউনিয়নে ১২ কিলোমিটার কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি সহ অন্যান্য অতিথিরা। প্রতিমন্ত্রী ওই দিন বিকেলে মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পলিশা থেকে দুধিয়াগাছা খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন।

