জয়পুরহাট প্রতিনিধি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সোমবার (১৬ মার্চ) জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খালের খনন কাজের উদ্বোধন করেছেন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এক মাসের মাথায় সারাদেশে নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচী শুরু করেছে বিএনপি সরকার।
প্রতিমন্ত্রী বলেন, “উইআর ইন অ্যাকশন, আমরা একটিভ। খাল খননের কাজে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। আমরা দ্রæত সমাধানের চেষ্টা করছি।” তিনি আরও জানান, চলতি বৃষ্টিতে এলাকার আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার শুষ্ক মৌসুমে পানি সরবরাহে সমস্যা হয়। খাল খননের পর বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নেমে যাবে এবং শুষ্ক মৌসুমে সেচ কার্যক্রম বেগবান হবে। পাশাপাশি খালের পাশে ফলের গাছ রোপণের পরিকল্পনাও আছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে এবং ইমাম, মোয়াজ্জেম, খতিব ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের সম্মানীভাতা প্রদান করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, জেলা পরিষদের নতুন প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে হারাইল, ঘোলাগাড়া ও মুরালী ভাবকি খাল মিলে মোট ১৫,৩১০ মিটার খাল খননের জন্য প্রায় ৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে কালাই উপজেলার মুরালী ভাবকি খাল ২,৮০০ মিটার খননের জন্য প্রায় ৫৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ কাজের তত্ত্বাবধান করবে।

