ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কোতোয়ালি থানায় চাঞ্চল্যকর রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মাদক সংক্রান্ত লেনদেন এবং দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই ইব্রাহিম শেখের পরিকল্পনায় রাজু শেখকে হত্যা করা হয়। এই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, নিহত রাজু শেখ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তিন দিন আগে রাজু তার ছোট ভাই ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম তার সহযোগীদের নিয়ে হত্যা পরিকল্পনা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ১ মার্চ রাত ৯টা ৩০ মিনিটে স্টেশন মাছ বাজার এলাকায় একটি মাংসের দোকানের সামনে অভিযুক্ত হৃদয় রাজুকে ডেকে আনে। কথা কাটাকাটির একপর্যায়ে ইব্রাহিমের সহযোগী সাকিব, রবিউল, মারুফ, স্বপ্নসহ অন্যরা চাপাতি ও ছুরি দিয়ে রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৯ মার্চ রাতে মৃত্যু হয়।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকাসহ পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৪টি চাপাতি ও একটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, মোঃ শামসুল আজম, মোঃ আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এবং টিআই খুরশিদ প্রামাণিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

