মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে এক ব্যবসায়ীর ঘর থেকে বিপুল পরিমাণ ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ঘরটি সিলগালা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নহাটা বাজারে অভিযান চালান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানুর জামান। এ সময় পেঁয়াজ ব্যবসায়ী পিকুল মোল্যার ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে আনুমানিক তিন টন ভিজিএফের চাল পাওয়া যায় বলে জানা গেছে।
অভিযানের পর প্রশাসনের পক্ষ থেকে ঘরটি তালাবদ্ধ করে সিলগালা করা হয়।
নহাটা বাজার বণিক সমিতির সভাপতি মো. মনির আমিন জানান, ইউএনও শাহানুর জামান মহম্মদপুর থানার ওসিসহ পুলিশের একটি দল নিয়ে পিকুল মোল্যার ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালান। এ সময় সেখানে বিপুল পরিমাণ ভিজিএফের চাল পাওয়া গেলে ঘরটি সিলগালা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর জামান বলেন, নহাটা বাজারের ব্যবসায়ী পিকুল মোল্যার প্রতিষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ ভিজিএফের প্রায় তিন টন চাল পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

