বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তরুণ নেতৃত্বের অধিকারী আনিসুল ইসলাম পলাশ মিঞা। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।
উচ্চশিক্ষিত, তরুণ মেধাবী সমাজসেবক ও রাজনৈতিক কর্মী মো. আনিসুল ইসলাম (পলাশ মিঞা) ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। নিয়মিত সভা-সমাবেশ, মতবিনিময় সভা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা আনিসুল ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।
পারিবারিকভাবে তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ. আউয়াল মিয়ার ছেলে এবং কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম আব্দুল হালিম নান্টু মিঞার বড় ভাইয়ের ছেলে। এছাড়া তাঁর বড় ভাই গোলাম মোর্শেদ মাহমুদ বাচ্চু মিঞা উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রচার এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সম্ভাব্য প্রার্থী।
রাজনৈতিকভাবে তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে হাতে খড়ি নেন এবং পরবর্তীতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এ বিষয়ে আনিসুল ইসলাম পলাশ মিঞা বলেন, কেদারপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি।
এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেদারপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে তরুণ ও সক্রিয় নেতৃত্ব হিসেবে আনিসুল ইসলাম পলাশ মিঞা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

