বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে রাঙ্গামাটি নদীর ওপর প্রায় এক দশক পরে গোমা সেতু আজ (১৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে একটায় প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল ইসলাম সেতুর উদ্বোধন করেন। এর ফলে বরিশাল জেলা সদরের সঙ্গে বাকেরগঞ্জের পূর্বাঞ্চল—কবাই, নলুয়া, দুধল—সহ পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ২৮৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার ও স্টিল ট্রাস সেতুর সঙ্গে ১.৯০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। ২০১৭ সালে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হলেও নৌযান চলাচলের সুবিধার্থে সেতুর উচ্চতা বাড়ানোর কারণে নির্মাণ ব্যয় পরিবর্তিত হয়। শেষ পর্যন্ত ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকায় সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
সড়ক মন্ত্রী রবিউল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এ সেতুর ফলে কেবল একটি এলাকার মানুষ উপকৃত হবে না, বরিশাল ও পটুয়াখালীর বিচ্ছিন্ন অংশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। এটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।”
অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান এবং সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.