জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় ২৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌদি সরকারের পাঠানো ১৩ কাটুন খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র, বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কালাই পৌরশহরের আঁওড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক আলহাজ¦ আলমগীর হোসেন বলেন, “খেজুরগুলো স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। প্রথমবারের মতো এমন উপহার পেয়ে আমরা খুব খুশি। শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে বিতরণ করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, “মোট ১৩ কাটুন খেজুর স্বচ্ছতার ভিত্তিতে ২৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করবেন। যদি কোনো অনিয়মের তথ্য পাই, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

