জয়পুরহাট প্রতিনিধি
পাপ মোচন ও পূণ্য লাভের আশায় জয়পুরহাটের আক্কেলপুরে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী বারুণী গঙ্গা স্নান। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের আলো ফুটতেই উপজেলার সোনামুখী তুলশীগঙ্গা নদীর ঘাটে হাজারো পূণ্যার্থীর ঢল নামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে।
চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে, দোল পূর্ণিমার ১২ দিন পর আয়োজিত এ স্নান প্রায় ৫০০ বছরের ঐতিহ্য বহন করে আসছে। স্থানীয়দের বিশ্বাস, এ দিনে গঙ্গাস্নান করলে অন্যান্য দিনের তুলনায় বহু গুণ বেশি পূণ্য লাভ হয়। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই এ পুণ্যস্নানে অংশ নিতে ছুটে আসেন।
স্নান উপলক্ষে সোনামুখী ঘাট এলাকায় বসেছে দুই দিনব্যাপী প্রাণবন্ত মেলা। মেলায় গ্রামীণ জীবনের নানা ঐতিহ্যবাহী পণ্য—বাঁশ ও বেতের তৈরি চালুন, ডালি, কুলা, পাখা, কাঠ ও মাটির তৈরি সামগ্রী, লোহার জিনিসপত্র—দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি মিষ্টি, জিলাপি ও কানমুড়ির দোকানেও ছিল উপচে পড়া ভিড়।
ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে গঙ্গাপূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। দূর-দূরান্ত থেকে আগত সাধু-সন্ন্যাসীদের উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে। এ সময় আত্মীয়-স্বজনের আগমনে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বগুড়ার আদমদীঘি থেকে আসা পূণ্যার্থী সুদেব ঘোষ বলেন, “প্রতিবছরের মতো এবারও পরিবার নিয়ে পূণ্যলাভের আশায় এসেছি। উপবাস থেকে স্নান শেষে দান-দক্ষিণা ও গীতা পাঠ করে প্রসাদ গ্রহণ করি।”
স্থানীয় ভক্ত বিকাশ চন্দ্র স্বর জানান, “বারুণী স্নানের মাধ্যমে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ ও সূর্যদেবের কাছে মনের বাসনা পূরণের প্রার্থনা করেন।”
দীর্ঘ ৩৭ বছর ধরে পূজা করে আসা বিষ্ঠ মালাকার বলেন, “ভক্তদের মানত পূরণের আশায় এখানে গঙ্গাপূজা করা হয়। আমি নিজ উদ্যোগে দেবী গঙ্গার বিগ্রহ তৈরি করে পূজা পরিচালনা করি।”
বারুণী গঙ্গা স্নান মেলা কমিটির সভাপতি শ্রী বাসুদেব সাহা বলেন, “প্রায় পাঁচ শতাব্দীর ঐতিহ্য ধরে এই স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই বিপুল সংখ্যক পূণ্যার্থীর সমাগম ঘটে।”
তবে এত বড় আয়োজনের মাঝেও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্ট, আক্কেলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন কুমার শীল বলেন, “নদীতে নামা-ওঠার জন্য নিরাপদ পাকা ঘাট না থাকায় পূণ্যার্থীরা ভোগান্তিতে পড়ছেন। দ্রুত একটি নিরাপদ ঘাট নির্মাণ জরুরি।”
শতবর্ষের ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং গ্রামীণ সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে আক্কেলপুরের বারুণী গঙ্গা স্নান আজও হয়ে উঠেছে ভক্তি, আস্থা ও মিলনের এক অনন্য উৎসব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.