নোয়াখালী প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমানের স্বাক্ষরে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ইউএনও আলাউদ্দিনের নামে একটি প্রায় ২৯ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে ইউএনও মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তার আগের কর্মস্থল সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক তদন্তের বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

