কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করেছে কাঠালিয়া প্রেসক্লাব।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেনের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন এবং রুপালী ব্যাংক কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মো. নাঈম আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেওয়া উচিত। এতে সমাজে সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তিনি কাঠালিয়া প্রেসক্লাবের এ উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. আরিফ হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী (সেমাই, চিনি ও দুধ) বিতরণ করা হয়। উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় স্থানীয় সুধীজন, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

