Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে থেমে থেমে বাড়ছে মোটরসাইকেলের চাপ, প্রশাসনের ৬ স্তরের নিরাপত্তা জোরদার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতু এলাকায় ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। সার্বিকভাবে যান চলাচল স্বাভাবিক থাকলেও থেমে থেমে মোটরসাইকেলের চাপ বাড়ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ৬ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার থেকে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদযাত্রার দ্বিতীয় দিনে (১৭ মার্চ ২০২৬, রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) পদ্মা সেতু দিয়ে মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

এদিকে বুধবার (১৮ মার্চ) দুপুর ১টা পর্যন্ত ১৩ ঘণ্টায় আরও ২০ হাজার ৭৫১টি যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩২ লাখ ৬১ হাজার ১৫০ টাকা। সংশ্লিষ্টদের মতে, এ সময়ের মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি থাকায় থেমে থেমে চাপ তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য পৃথক তিনটি লেন চালু থাকলেও একসঙ্গে বিপুল সংখ্যক মোটরসাইকেল এসে পৌঁছালে সাময়িক ধীরগতি তৈরি হচ্ছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। অন্যদিকে বড় যানবাহনের জন্য সাতটি লেন চালু থাকায় সেগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে ৬ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেতু এলাকা, টোল প্লাজা, সংযোগ সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির মাধ্যমে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে।

তবে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় পরিবহন সংকটের কারণে কিছু যাত্রীকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষার পর বিকল্প হিসেবে ট্রাকে করে গন্তব্যে রওনা দিচ্ছেন।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আক্তার হোসেন জানান, সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। মোটরসাইকেলের চাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি অব্যাহত আছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চাপ বাড়লেও সমন্বিত ব্যবস্থাপনায় যাত্রা স্বস্তিদায়ক রাখা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।