শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই অসংখ্য বানরের দেখা মিলছে। স্থানীয়দের দাবি, অতীতে এমন ঘটনা কখনো দেখা যায়নি। বনাঞ্চল ছেড়ে আসা এসব বানর খাদ্য ও আশ্রয়ের সন্ধানে গ্রামগুলোতে ছুটে বেড়াচ্ছে।
জানা যায়, বানরগুলো লোকজনের ঘরে ঢুকে রান্না করা ভাত-তরকারিসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে—সুন্দরবনের ভেতরে কী ঘটছে এবং কেন এসব প্রাণী লোকালয়ে চলে আসছে।
যদিও বন থেকে নানা কারণে বাঘ লোকালয়ে আসার ঘটনা নতুন নয়, তবে বানরের এভাবে লোকালয়ে ঢুকে পড়া নতুন করে ভাবাচ্ছে সবাইকে। স্থানীয়দের আশঙ্কা, লোকালয়ে আসা এসব বানর প্রাণনাশের ঝুঁকিতে রয়েছে।
চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী ইব্রাহীম শেখ জানান, “মাঝেমধ্যে এলাকায় বানর দেখা যাচ্ছে। লোকজনের ভয়ে তারা এদিক-ওদিক ছোটাছুটি করছে। অনেক সময় শিশুরা তাদের পিছু নিয়ে ঢিল ছুঁড়ে। দলছুট হয়ে পড়ায় তারা চরম বিপাকে আছে।”
এ বিষয়ে প্রাণী ও পাখি বিশেষজ্ঞ শরীফ খান বলেন, “সুন্দরবনের প্রাণীরা লোকালয়ে চলে আসার অন্যতম কারণ হতে পারে খাদ্য সংকট, শিকারিদের তৎপরতা বা বনদস্যুদের উপস্থিতি। এছাড়া মোংলা তাপবিদ্যুৎকেন্দ্রের প্রভাবেও প্রাণীরা হুমকির মুখে পড়তে পারে। বিষয়টি খতিয়ে দেখা জরুরি।”
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল পাল জানান, “লোকালয়ে আসা বানরদের কোনোভাবেই ঢিল ছোড়া যাবে না। তাদের খাবার দিলে তারা এলাকায় থেকে যাবে। তাই খাবার না দিলে তারা নিজ গন্তব্যে ফিরে যাবে। এছাড়া এসব বানর সুন্দরবন ছাড়া অন্য এলাকা থেকেও আসতে পারে।”

