বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আলোচিত রাইসা মনি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টায় উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই মানববন্ধন পালিত হয়।
স্থানীয় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে, ফলে সড়ক চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীরা নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ‘আমার বাংলাদেশ (এবি পার্টি)’ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নিহত রাইসা মনির বাবা নজরুল ইসলাম হাওলাদার সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। বক্তারা বলেন, “শিশু রাইসা মনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় উপস্থিত এলাকাবাসী বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জনগণের মধ্যে আস্থা ফিরে আসে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.