ফরিদপুর প্রতিনিধি
ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ বাড়িতে ফিরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৮ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীলরা বিভিন্ন বাসস্ট্যান্ডে সরাসরি তদারকি করছেন। সাধারণ মানুষ যেন দুশ্চিন্তামুক্ত অবস্থায় বাড়ি ফিরতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য। বাজার পরিস্থিতি নিয়ে তিনি আরও জানান, কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়নি এবং তেলের দামও বৃদ্ধি করা হয়নি।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যারা দেশে ফিরতে পারছেন না, তাদের নিরাপত্তা এবং যারা ফিরতে ইচ্ছুক, তাদের দ্রুত প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত সহিংসতায় নিহত ৫ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যেই দেশে এসেছে, বাকিদের দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

