জামালপুর প্রতিনিধি
জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী কলেজ ছাত্রদল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এস. এম. তালাল আল-কামা বায়েজিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাকিম, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকর রহমান সুমিল, শামীম আহাম্মেদ, মাহাদী হাসান রেমিন এবং সাইম আহমেদ পিয়াসসহ অন্যানরা।
বক্তারা বলেন, ছাত্রদল সব সময় দেশের স্বার্থে এগিয়ে এসেছে। ছাত্রদলের হাতেই দেশের গণতন্ত্রের মুক্তি এসেছে। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর-৫ আসন থেকে নির্বাচিত এমপি শাহ মো: ওয়ারেছ আলী মামুনের স্বপ্ন বাস্তবায়নে।
কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো: হামজা, দ্বিতীয় স্থান পান তারেক রহমান এবং তৃতীয় স্থান পান তামিম শাহারিয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজ ও জেলা ছাত্রদলের সদস্য ছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম নিহাল, সহ-সভাপতি বাঁধন হোসেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

