Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘সাংবাদিক’ পরিচয়ে ২০ লাখ টাকার চাঁদা দাবি, চিকিৎসকের সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে সাংবাদিক পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে এক চিকিৎসককে জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রাফসানজানি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি ৪৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেছেন তিনি। গত কয়েকদিন ধরে একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তিনি ও তার স্ত্রীর পরিবার চরম মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

তার অভিযোগ, গত ৮ মার্চ ‘সাংবাদিক’ পরিচয়ে আসিফ আকবর সেতু নামে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে একটি অভিযোগের কথা বলে দেখা করতে বলেন। পরে তার সহযোগীরা একটি ফেসবুক পেজে প্রকাশিত অভিযোগের বিষয়টি কেন্দ্র করে সংবাদ প্রকাশ ঠেকাতে ৩০ হাজার টাকা দাবি করে।

ডা. রাফসানজানি বলেন, ১২ মার্চ রাতে শহরের মাইকপট্টি এলাকায় একটি অফিসে তাকে ও তার স্ত্রীকে ডেকে নিয়ে জিম্মি করে রাখা হয়। সেখানে ক্যামেরার সামনে বসিয়ে ভয় দেখিয়ে ২০ লাখ টাকার একটি ‘প্যাকেজ’ প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে সাংবাদিকদের জন্য ১০ লাখ এবং তার শ্যালিকাকে মামলা থেকে বিরত রাখতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে চাকরি হারানোসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, তার শ্যালিকা সামিয়া আফরুজ গত ১৫ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১৬ মার্চ হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানা যায়, তিনি যশোরের মণিরামপুর এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই চক্রটি মোবাইল ফোনে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনমূলক বার্তা পাঠিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। বার্তাগুলোতে মামলা ও সংবাদ প্রকাশের হুমকি, এমনকি ক্যারিয়ার ধ্বংসের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

ডা. রাফসানজানি বলেন, “সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। কিন্তু কেউ যদি এই পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানি করে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাজেদা আফরুজসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই চক্র গত ৯ মার্চ যশোর সদরের একটি প্রতিষ্ঠানের মালিকের কাছেও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।