কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্বাভাস’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের শুরুতে সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা বক্তব্য দেন। ‘পূর্বাভাস’-এর অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক খান বলেন, কোটালীপাড়ায় শিক্ষার পরিবেশ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত মানে নেই। ফলে অনেক শিক্ষার্থী মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে ‘পূর্বাভাস’ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের আরেক সদস্য নাসরুল্লাহ বলেন, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে ঐক্যবদ্ধ রাখা। আমরা সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ‘পূর্বাভাস’ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘পূর্বাভাস’ থেকে সংগঠনটির নামকরণ করা হয়েছে। ২০২১ সাল থেকে সংগঠনটি বিভিন্ন শিক্ষা কার্যক্রম, অলিম্পিয়াড, সেমিনার এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে আসছে। উপজেলার শিক্ষার মান উন্নয়নে সংগঠনটির ভূমিকা উল্লেখযোগ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.