চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন পাড়া সীমান্তে বাংলাদেশী ভূখণ্ডে গুলিবিদ্ধ হয়েছেন আজাদ (২৬) নামে এক যুবক। সে উপজেলার সীমান্ত ইউনিয়নের সদর পাড়ার বাসিন্দা বদরুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (সন্ধ্যা ৭টার দিকে) আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো: মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, মাদক পারাপারের সময় ভারতের সীমান্তবর্তী বানপুর ধোনছে ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।
তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম তেতুল ভিন্ন তথ্য দিয়ে জানান, আজাদ বিকেলে সীমান্ত সংলগ্ন মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সে আহত হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আহত আজাদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

