নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে বাগেরহাটের কচুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টির বেশি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে কচুয়া বাজারের ব্রিজসংলগ্ন মঘিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের পাহারাদার ও স্থানীয়রা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ীদের বহু কষ্টে গড়ে তোলা দোকান ও মালামাল।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে সার ও কীটনাশকের দোকান, ভ্যারাইটি স্টোর, মুদি দোকান, সেলুন ও লন্ড্রি, একাধিক চায়ের দোকান এবং মিষ্টি তৈরির জালঘর।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে দোকানে বিপুল পরিমাণ পণ্য মজুত করা হয়েছিল। অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন চরম বিপাকে পড়েছেন।
ঘটনার পর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মিষ্টির জালঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঈদের আগমুহূর্তে এ ধরনের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

