শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে ঈদুল ফিতরের প্রধান জামাত বৃষ্টির কারণে নির্ধারিত ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে-মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বাড়িয়া বাজার কেন্দ্রীয় মসজিদ এবং বড়বাড়িয়া মধ্যপাড়া মাষ্টারের মোড় জামে মসজিদে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকে গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে মসজিদে-মসজিদে জামাত আদায় করা হয়। চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন দারুল উলুম চিতলমারী মাদ্রাসার মুহতামিম পীর সাহেব আলহাজ মাওলানা আঃ রহমান। বড়বাড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান জামাতের ইমামতি করেন মাওলানা নূরুল আমিন এবং বড়বাড়িয়া মধ্যপাড়া মাষ্টারের মোড় মসজিদে ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা আবু হানিফ।
এতে স্থানীয় সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সকাল ৭টা থেকে মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন। তবে বৃষ্টির কারণে অনেকে ভোগান্তিতে পড়েন।
ঈদগাহ কর্তৃপক্ষ জানান, সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে ঈদগাহে জামাত করা সম্ভব হয়নি, যার কারণে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির মধ্যেও মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

