আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তেই ফরিদপুরের আলফাডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জিহাদ শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে একটি পরিবারের জন্য।
শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ শেখ বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সদ্য দাখিল পরীক্ষা দেওয়া এই কিশোরকে ঘিরে পরিবারের ছিল নানা স্বপ্ন ও আশা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে ফুফাতো ভাইয়ের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় জিহাদ। পথে আরাজী বানা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে সে। এতে গুরুতর আহত হয় জিহাদ।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কটি পিচ্ছিল হয়ে পড়েছিল। এছাড়া ইটভাটার ট্রলি থেকে পড়ে থাকা মাটি বৃষ্টির পানির সঙ্গে মিশে সড়ককে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। এতে হঠাৎ ব্রেক করার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন রায় জানান, হাসপাতালে আনার আগেই জিহাদের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে ঘরে থাকার কথা ছিল আনন্দ-উচ্ছ্বাস, সেখানে এখন শুধুই স্বজন হারানোর আহাজারি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.